
নিউজ ডেস্কঃ ২০১৯ থেকে ২০২১ এই তিন বছরে বাংলাদেশকে ৪৩৩ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৬ হাজার ৩৭২ কোটি টাকা। এক ডলার ৮৪ টাকা করে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি ও এডিবি মিলে বাংলাদেশের জন্য নতুন অপারেশন বিজনেস প্ল্যান ঠিক করেছে। তাতে আগামী তিন বছরে বাংলাদেশে কোন কোন খাতে কত টাকা বিনিয়োগ করা হবে তা ঠিক করা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন এই পরিকল্পনা কার্যকর হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন,সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে মিল রেখে নতুন অপারেশন প্ল্যান তৈরি করা হয়েছে। এতে পাঁচটি খাতের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলো হলো অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন,অর্থনৈতিক করিডর উন্নয়ন,গ্রামীণ জীবনমানের উন্নয়ন এবং জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ সহনশীল অবকাঠামো উন্নয়ন। এই পাঁচটি খাতে তিন বছরে বিনিয়োগ প্রতিশ্রুত টাকা খরচ হবে। ইআরডির কর্মকর্তারা বলছেন,২০১৯ থেকে পরবর্তী তিন বছরের জন্য এডিবি বাংলাদেশকে যে ৪৩৩ কোটি ডলার ঋণ দেবে,তার মধ্যে ২৫৩ কোটি ডলার ঋণ মিলবে অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্স ওসিআর হিসেবে।
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ হবে ২১ হাজার ২৫২ কোটি টাকা। এই টাকা পেতে সুদ গুনতে হবে লন্ডন ইন্টার ব্যাংক রেটের লাইবর সঙ্গে আরো ০.৫ শতাংশ। সব মিলিয়ে এই ঋণের সুদের হার আড়াই থেকে ৩ শতাংশের মধ্যে। ওসিআর মূলত কঠিন শর্তের ঋণ। আর বাকি ১৮০ কোটি ডলার মিলবে সহজ শর্তের ঋণ হিসেবে। এই ঋণের সুদের হার ২ শতাংশ। ইআরডির তথ্য মতে,বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রথমে পাঁচ বছর মেয়াদি একটি কর্মকৌশল ঠিক করে ম্যানিলাভিত্তিক সংস্থা এডিবি। যার নাম বাংলাদেশ কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি। এর অংশ হিসেবে বাংলাদেশে এখন ২০১৬ থেকে ২০২০ এই পাঁচ বছর মেয়াদি একটি স্ট্র্যাটেজি চালু আছে। এই কর্মকৌশলের আওতায় আবার তিন বছর মেয়াদি একটি পরিকল্পনা তৈরি করা হয়। মূলত পাঁচ বছর মেয়াদি কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজির মধ্যে থাকে কর্মকৌশল। আর তিন বছর মেয়াদি পরিকল্পনার মধ্যে থাকে বিস্তারিত তথ্য উপাত্ত।