
নিউজ ডেস্কঃ প্রত্যাবাসনের জন্য করা স্মার্ট কার্ড নিতে অনীহা প্রকাশ করছে রোহিঙ্গারা। স্মার্ট কার্ডের বিরোধিতায় তারা আন্দোলনের হুমকি দিয়েছে। গতকাল সোমবার থেকে শিবিরগুলোতে অনশনসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত তা হয়নি। জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআর কর্তৃক মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য করা পরিবারভিত্তিক তালিকায় রোহিঙ্গা উল্লেখ না করায় তারা এ আন্দোলনের কর্মসূচি নেয়। স্মার্ট কার্ড না নেওয়ার পাশাপাশি শিবিরগুলোতে ইউএনএইচসিআরকে কোনো ধরনের সহযোগিতা না দেওয়ার কথাও বলে তারা। রোহিঙ্গা কমিউনিটির নেতা সাব্বির আহমদ বলেন,বরাবরই আমরা দাবি করে আসছি আমাদের রোহিঙ্গা স্বীকৃতি দিতে হবে। একইভাবে রাখাইনে স্বাধীনভাবে চলাচল করার সুযোগসহ নাগরিকত্বের সুবিধা দিতে হবে।
সাব্বির আহমদ বলেন,মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য করা পরিবারভিত্তিক তালিকায় রোহিঙ্গা শব্দটি উল্লেখ না থাকায় তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। রোহিঙ্গাদের আন্দোলনের তথ্যসংবলিত একটি প্রেস বিজ্ঞপ্তি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে ইউএনএইচসিআরের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আরআরআরসি মোহাম্মদ আবুল কালাম বলেন,রোহিঙ্গাদের একটি অংশ শিবিরগুলোতে বরাবরই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করে আসছে। শিবিরে রোহিঙ্গারা প্রতীকী অনশনেরও চেষ্টা চালিয়ে আসছে। আবুল কালাম বলেন,এসব শুনে গতকাল সকাল থেকে তিনি রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করেছেন। তবে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।