
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল গতকাল সোমবার ভারত সফরে গেছেন। সেনাবাহিনীর তরুণ ২৫ জন কর্মকর্তার সঙ্গে এ সফরে সঙ্গী হয়েছেন তাদের স্ত্রীরা। গতকাল সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, প্রতিনিধি দলের সদস্যরা আগামী ২ ডিসেম্বর পর্যন্ত এ সফর করবেন। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে চলমান সহযোগিতা বিস্তৃত করতেই এই সফরের আয়োজন করা হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর দু’টি এয়ারক্রাফটে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা থেকে দিল্লি গেছেন।
বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে এক বৈঠকে এই সফরের বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। সে অনুযায়ী ভারতের সেনাপ্রধান এই সফর বাস্তবায়নের উদ্যোগ নেন। প্রতিনিধি দলের সদস্যরা দিল্লি, আগ্রা, কলকাতার বিভিন্ন স্থানের পাশাপাশি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া পরিদর্শন করবেন। বাংলাদেশ ও ভারতের জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময় এই সফরের অন্যতম উদ্দেশ্য।