News71.com
 Bangladesh
 26 Nov 18, 11:10 AM
 299           
 0
 26 Nov 18, 11:10 AM

বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়ার ৬ মাসের জামিন

বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়ার ৬ মাসের জামিন
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে তার আপিলও শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় তাকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। আজ সোমবার হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। এর আগে গত ২০ নভেম্বর সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহাবুব এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন