News71.com
 Bangladesh
 20 Nov 18, 01:01 PM
 200           
 0
 20 Nov 18, 01:01 PM

লেটস টক।।২৩ নভেম্বর তরুণদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী  

লেটস টক।।২৩ নভেম্বর তরুণদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী   

নিউজ ডেস্কঃ তরুণদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিছিয়ে যাওয়া সরাসরি আলাপচারিতার অনুষ্ঠানটি হবে আগামী ২৩ নভেম্বর (শুক্রবার)। ওইদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত লেটস টক উইথ শেখ হাসিনা অনুষ্ঠানটি হবে বলে আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে অয়োজক প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। এই আয়োজনটি হওয়ার কথা ছিল গত ১৬ নভেম্বর। পরে তা পিছিয়ে দেওয়া হয়। সিআরআইর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের মুখোমুখি হচ্ছেন। বর্তমান প্রজন্মকে অনুপ্রেরণা দিতে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার তারুণ্যের সময় নিয়ে নতুন বেশ কিছু তথ্যও জানাবেন। এ ছাড়াও একজন সাধারণ মানুষ হিসেবে প্রধানমন্ত্রীর জীবনযাপন নিয়েও আলোচনা হবে এই আয়োজনে। ব্যক্তিগত জীবন, নিজস্ব চিন্তা-ভাবনা নিয়েও তরুণদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের সাথে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে তরুণদের কাছ থেকে গ্রহণ করবেন দেশ গঠনে তাদের পরিকল্পনা ও পরামর্শের কথা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশ থেকে ১৫০ জন তরুণের সাথে দেশের বিভিন্ন নীতি নির্ধারনী বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যমী তরুণ প্রতিনিধিরা অংশ নেন এই আয়োজনে। তরুণদের জন্য বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন নীতি নির্ধারণ, ভবিষ্যতে উন্নত এক বাংলাদেশ গড়ায় বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা এবং সার্বিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকের সাথে সরাসরি আলোচনার সুযোগ পাবেন এই তরুণেরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন