News71.com
 Bangladesh
 20 Nov 18, 12:54 PM
 176           
 0
 20 Nov 18, 12:54 PM

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত পিটারসেন  

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত পিটারসেন   

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নবনিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ থেকে ফেরত নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মিয়ানমারের উচিত তাদের রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ থেকে ফেরত নিয়ে যাওয়া। আজ মঙ্গলবার ডেনমার্কের রাষ্ট্রদূত সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ থেকে ফেরত নিয়ে যাওয়ার বিষয়ে পুনরায় গুরুত্ব আরোপ করেন।

বিপন্ন রোহিঙ্গা জনগোষ্ঠীর পুনর্বাসনে তাঁর সরকারের পদক্ষেপসমূহের উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের অস্থায়ী আবাসনের জন্য তাঁর সরকার নোয়াখালীতে একটি চরের উন্নয়ন ঘটাচ্ছে। দেশের গণতন্ত্রের প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ভবিষ্যতে দেশে গণতন্ত্রের বিকাশ চাই। উইনি এস্ট্রাপ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চমকপ্রদ আর্থসামাজিক উন্নয়নের ভূয়শী প্রশংসা করেন। তিনি বলেন, আমি আপনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিশেষ করে নারীর ক্ষমতায়নের বিষয়ে জানতে পেরে আনন্দিত হয়েছি। দেশের উন্নয়নে তাঁর সরকারের নিরন্তর প্রচেষ্টার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে সরকারের ধারবাহিকতা বজায় থাকায় এখন উন্নয়নগুলো দৃশ্যমান হচ্ছে। তিনি বলেন, আমরা জনগণের খাদ্য নিরাপত্তাসহ মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করতে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন