
নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০১৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংস্কৃতিক সংসদ এর আয়োজনে এ নাট্য উৎসব চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। পর পর তিন দিন সন্ধ্যা ৬টায় যথাক্রমে মঞ্চস্থ হবে- আমিনা সুন্দরী, ক্রাচের কর্নেল ও নিত্যপুরাণ নাটক তিনটি। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
উদ্বোধনী দিন সন্ধ্যা ৬টায় থিয়েটার আর্ট ইউনিট দলের অভিনয়ে মঞ্চায়িত হবে নাটক আমিনা সুন্দরী। নারীর বৈষম্য-বঞ্চনাকে তুলে ধরে প্রায় ৩০০ বছরের পুরোনো লোককাহিনী নছর মালুম ও ভেলুয়া সুন্দরী অবলম্বনে গড়া হয়েছে নাটক আমিনা সুন্দরী। বিভিন্ন ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা নিয়ে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টায় কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ক্রাচের কর্নেল উপন্যাসটি নাট্যরূপে মঞ্চায়িত করবে নাট্যদল বটতলা। উৎসবের শেষ দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নাটক নিত্যপুরাণ’ মঞ্চায়িত করবে দেশ নাটক দল। প্রতিটি নাটকের টিকেট মূল্য ৫০ টাকা।