
নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের ১০ বছরে মানুষের আয় প্রায় তিন গুণ বেড়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এই দশ বছরে দেশের যথেষ্ট অর্জন হয়েছে। আর এই উন্নয়ন অব্যাহত রাখতে একাদশ জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে সর্বোচ্চ ও দীর্ঘ সময় করদাতাদের পুরস্কার’ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী আবুল মাল বলেন, আমি বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমার এই স্বপ্ন বাস্তবায়নে ভোটাররা আবারও ভালো সিদ্ধান্ত নেবেন বলে আমি মনে করি।’ তিনি বলেন, ‘এর আগের বার ২০০৯ সালে আমরা নির্বাচনকে সামনে রেখে দেশকে মধ্যম আয়ের দেশ করার যে টার্গেট নিয়েছিলাম, তা ২০১৫ সালেই পূরণ হয়েছে। এবার আমাদের লক্ষ্য হলো ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলা।