
নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় ২২ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার সকাল ৭টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল উচ্চ আদালতের জামিনের আদেশ হাতে পায় কারা কর্তৃপক্ষ। যাচাই-বাছাই শেষে আজ সকালে তাকে মুক্তি দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। এটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বলে অভিযোগ উঠেছে। ওই অডিও ক্লিপে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান করার বিষয়ে আলাপ হয়। পরে গত ৪ আগস্ট রাতে আমীর খসরুর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) এবং বিশেষ ক্ষমতা আইনে নগরের কোতোয়ালী থানায় মামলা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।