
মিথুন কুমারঃ দূর্গাপূজার ঠিক দুই সপ্তাহ পরেই অনুষ্ঠিত হয় কালীপূজা বা শ্যামাপূজা, যার আরেক নাম দীপাবলি। কালীপূজা হয় অমাবস্যা তিথিতে। পূজার সন্ধ্যায় প্রতিটি বাড়ি সেজে ওঠে সারি সারি মোমবাতি-মাটির প্রদীপের স্নিগ্ধ আলোয়। শহরে-নগরে মাটির প্রদীপের পরিবর্তে জ্বালানো হয় রংবেরঙের মোমবাতি। ধর্মীয় বিশ্বাস, দীপাবলির সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বেলে পূর্বপুরুষদের আলো দেখানো হয়। বাঙালি হিন্দুরাও রাতভর বাজি পোড়ায়, একই উদ্দেশ্যে, বাজি পোড়ানোর শব্দে সব অশুভ শক্তি যেন দূরে পালিয়ে যায়। আলোক উৎসবের আলোকচ্ছটায় প্রতিটি মানুষের জীবন থেকে সব অন্ধকার দূর হয়ে যায়, সব অশুভ পালিয়ে যায়। এই হচ্ছে দীপাবলি উৎসবের মূল বার্তা। দীপাবলির সময় বাঙালির ঘর-বাড়ি মোমবাতি ও মাটির প্রদীপের আলোয় আলোকিত হত।এখন সময় পাল্টেছে মানুষের ধ্যান ধারনাও পরিবর্তন হয়েছে। মাটির প্রদীপ ক্রমশই হারিয়ে যাচ্ছে সভ্য এই সমাজ থেকে। আজকের ডিজিটাল যুগের ডিজিটাল দীপাবলিতে তাই ভরসা ডিজিটাল এলইডি লাইট থেকে রকমারি আরও কত কি। দীপাবলি উৎসবে প্রদীপ বা মোমবাতি জ্বালানোর প্রথা আবহমানকালের। শরতের হিমেল আবহাওয়া ও রাতের অন্ধকারে বাড়ি আলোকিত করে তোলা হয় মোমবাতি বা প্রদীপের আলোয়। পরিবারের মঙ্গল কামনায় মেনে চলা হয় এই শাস্ত্রীয় প্রথা। তবে হরেক রঙের ও ডিজাইন করা মোমবাতি এবার দীপাবলি উৎসবে যোগ করে দিয়েছে আলাদা মাত্রা।
ঢাকার বেশ কয়েকটি দোকানে এবছর খোঁজ নিয়ে দেখা গিয়েছে, রংবেরঙের ডিজাইন করা মোমবাতি। কোনওটাতে রয়েছে ভালবাসার চিহ্ন, কোনওটা আবার তৈরি হয়েছে গোলাপ ফুলের আদলে। তার সঙ্গে আরও কিছু আকর্ষণীয় ডিজাইনের মোমবাতি। রং-বেরঙের মোমবাতি ব্যবহারের চলে আসছে অনেক আগে থেকেই। কিন্তু এমন ডিজাইনের মোমবাতি বাজারে আসতেই সারা ফেলেছে ক্রেতাদের মধ্যে। এই সব ডিজাইন করা মোমবাতি ন্যুনতম দাম ৩০ টাকা, সর্বোচ্চ ২০০ টাকারও পাওয়া যাচ্ছে। বিশেষ করে তরুণ ছেলে-মেয়েরা বেশি কিনছে এই মোমবাতি। তারা দীপাবলির উপহার হিসাবে পছন্দের মানুষদের দিচ্ছেন। নতুন চেহারার এই মোমবাতি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করছে। বাচ্চাদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে এই মোমবাতি। কিছু কিছু মোমবাতি খেলনার আদলে ডিজাইন করা। দামও বেশ ভালো। তবে উৎসবের আবহে দামের পরোয়া না করেই ক্রেতারা কিনছেন অনেক মডেলের মোমবাতি। বিভিন্ন জন বিভিন্ন ভাবে উদযাপন দীপাবলী। এক এক জনের ধরণ এক এক রকম।