
নিউজ ডেস্কঃ জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বানে আবারও তাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা ১১টায় গণভবনে ছোট পরিসরে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ হবে প্রধানমন্ত্রীর। এ বৈঠকে সুনির্দিষ্ট ইস্যুকে প্রাধান্য দিয়ে আলোচনা করতে চান ঐক্যফ্রন্টের নেতারা। প্রথম সংলাপের অসম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ করতে আবার আলোচনায় বসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রবিবারই চিঠি দিয়েছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ড.কামাল হোসেন। গত ১ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বহুল আলোচিত সংলাপে বসে জাতীয় ঐক্যফ্রন্ট। ওই সংলাপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ ঐক্যফ্রন্টের সাত দফা দাবি তুলে ধরেন। তবে প্রধানমন্ত্রী সংবিধানের বাইরে গিয়ে কোনও দাবি মানার সুযোগ নেই বলে তাদের জানান।
১ নভেম্বর সংলাপ শেষে সংবাদ সম্মেলনে কামাল হোসেন বলেন, এ আলোচনায় বিশেষ কোনও সমাধান তারা পাননি। আর মির্জা ফখরুল বলেন, আলোচনায় তারা সন্তুষ্ট নন। আবার সংলাপ চেয়ে রবিবার কামালের চিঠিতে বলা হয়,দীর্ঘ সময় পর্যন্ত আলোচনার পরও আমাদের আলোচনাটি অসম্পূর্ণ থেকে যায়। সেইদিন আপনি বলেছিলেন, আমাদের আলোচনা অব্যাহত থাকবে। তারই পরিপ্রেক্ষিতে অসম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ করার লক্ষ্যে অতি জরুরি ভিত্তিতে আমরা জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে আবারও সংলাপে বসতে আগ্রহী। চিঠিতে আরও বলা হয়, এই ক্ষেত্রে দফাগুলোর সাংবিধানিক এবং আইনগত দিক বিশ্লেষণের জন্য উভয় পক্ষের বিশেষজ্ঞসহ সীমিত পরিসরে আলোচনা আবশ্যক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে যাওয়ার আগে গত রবিবার রাতে সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে বিশেষজ্ঞ আইনজীবীদের মতামত নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠকে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন। তবে বুধবারের সংলাপে ঐক্যফ্রন্টের পক্ষে কারা কারা সংলাপে যোগ দিচ্ছেন তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এদিকে সংলাপ শেষ হওয়ার আগে নির্বাচনের তফসিল ঘোষণা না করার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠিও দেয় ঐক্যফ্রন্ট। তবে আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানিয়ে দিয়েছেন, তফসিল পেছানোর কোনও সুযোগ নেই।