
নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষের ভর্তির কার্যক্রম আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার প্রকৌশলী ড. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিট ১, ২ ও ৩ এর প্রথম মেধাতালিকায় নাম থাকা পরীক্ষার্থীদের মধ্যে মনোনয়ন প্রাপ্তদের ১১-১৫ নভেম্বরের মধ্যে ও বিশেষ ইউনিটে মনোনয়নপ্রাপ্তদের ১৮-২২ নভেম্বরের মধ্যে শিওরক্যাশ’র (SureCash) মাধ্যমে ভর্তি ফি’র টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর ইউনিট ১,২,৩-এ মনোনয়নপ্রাপ্তদের ১১-১৬ নভেম্বর ও বিশেষ ইউনিটে মনোনয়নপ্রাপ্তদের ১৮-২৩ নভেম্বরের মধ্যে ওয়েবসাইট থেকে প্রিন্টকৃত ও স্বাক্ষরিত আবেদন ফরম, প্রবেশপত্র, সত্যায়িত কপিসহ এসএসসির মূল সনদপত্র ও নম্বরপত্র এবং এইচএসসির মূল সনদপত্র, নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ড, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রশংসাপত্র মনোনয়নপ্রাপ্ত বিভাগে জমা দিতে হবে। আসন শূন্য থাকা-সাপেক্ষে ইউনিট ১, ২, ৩-এ আগামী ১৮ ও ২৫ নভেম্বর এবং ২ ডিসেম্বর যথাক্রম ২য়, ৩য় ও ৪র্থ দফায় ভর্তি আহ্বান করা হবে এবং বিশেষ ইউনিটে ২৫ নভেম্বর ও ২ ডিসেম্বর যথাক্রমে ২য় ও ৩য় দফায় ভর্তি অাহ্বান করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।