
নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংলাপে জাতীয় পার্টির সঙ্গে আমরা একমত হয়েছি যে, ১৪ দল মহাজোট এক সঙ্গে ঐক্যবদ্ধ নির্বাচনের বিষয়ে একমত হয়েছি। তবে রাজনীতিতে যেভাবে মেরুকরণ হবে সেভাবে জোটের সমীকরণ হবে। আজ সোমবার ৫ নভেম্বর রাতে গণভবন প্রাঙ্গণে ও সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির সঙ্গে আমরা একমত হয়েছি আইনসম্মতভাবে সংবিধানসম্মত নির্বাচন হবে। হুমকি ধামকি দিয়ে আমাদেরকে সংবিধান থেকে সরানো যাবে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা মনে করেন আন্দোলনে হুমকি ধামকি দিয়ে আমাদের আইন থেকে সরানো যাবে, তারা বোকার স্বর্গে বাস করে। তাদের দৌড় কতটুকু আমাদের জানা আছে। ১০ বছর ধরে হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন। কই ১০ মিনিট ও তো রাস্তায় থাকতে পারে নাই। আর মাত্র ৩ দিন আছে। এই সময়ের মধ্যে তারা আন্দোলন করে হুমকি ধমকি দিয়ে কিছু করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। ওবায়দুল কাদের আরও বলেন, তাদের সম্বল হল প্রেস ব্রিফিং। মুখের কথা নয় কাজে দেখা যাবে। অন্যদিকে আমাদের সরকার উন্নয়নের কাজ কর, রাজপথে আছি, রাজনীতিতে আছি ও কর্মসূচিতেও আছি এবং থাকবো । ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ প্রসঙ্গে কাদের বলেন, সংলাপের জন্য প্রধানমন্ত্রীর দরজা খোলা আছে। তাদের কথা শুনতে আমরা অধৈর্য হবো না। সামনে সংলাপ তাই এই নিয়ে আগাম কথা বলতে চাই না।