
নিউজ ডেস্কঃ একাদশ নির্বাচনে জোট ভাঙাভাঙির মধ্যেই আরেকটি নতুন রাজনৈতিক দল পিপলস পার্টি অব বাংলাদেশ-এর (পিপিবি) আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে পিপিবির আহ্বায়ক রিটা রহমান এ ঘোষণা দেন। রিটা রহমান বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও জিয়াউর রহমান সরকারের সিনিয়র মন্ত্রী মশিয়ুর রহমান যাদু মিয়ার মেয়ে। যিনি একজন সাংবাদিকও। যাদু মিয়ার ছেলে প্রয়াত শফিকুল গনি স্বপনের ছেলে ব্যারিস্টার জেবেল রহমান গানি বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান। সম্প্রতি তিনি ২০ দলীয় জোট থেকে বেরিয়ে অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন জাতীয় যুক্তফ্রন্টে যোগ দেন।
রিটা রহমান বলেন, মওলানা ভাসানী ও মশিয়ুর রহমান যাদু মিয়া নতুন প্রগতিশীল রাজনৈতিক ধারা সৃষ্টির লক্ষ্যে কাগমারী সম্মেলন ও পরবর্তী সময়ে ন্যাপ গড়ে তুলেছিলেন। সেই রাজনীতি ধারণ করে, ন্যাপের মহান সেই রাজনৈতিক ধারাবাহিকতাকে সমুন্নত রেখে আমরা এই দলের আত্মপ্রকাশ করেছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে ১১ দফা রূপকল্পও সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, প্রয়াত চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের স্ত্রী জ্যোত্স্না কাজী, ছড়াকার আবু সালেহ, নতুন দলটির যুগ্ম আহ্বায়ক শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।