
নিউজ ডেস্কঃ বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৬ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে। আজ রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পত্র নিয়ে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে যান। তিনি সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের হাতে আমন্ত্রণ পত্র পৌঁছে দেন। আবদুস সোবহান গোলাপ বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে গিয়েছিলাম। সিপিবির সাধারণ সম্পাদকের কাছে চিঠি দিয়ে এসেছি। এর আগে আগামীকাল ৫ নভেম্বর (সোমবার) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী। গণভবনে সন্ধ্যা ৭টায় এ সংলাপ অনুষ্ঠিত হবে।