
নিউজ ডেস্কঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর ঐক্যফ্রন্টে যোগ দেওয়া না দেওয়ার বিষয়ে সোমবার (৫ নভেম্বর) জানা যাবে। ওইদিন সাড়ে ১২টার মধ্যে সংবাদমাধ্যমকে বিষয়টি পরিষ্কার করবেন এই নেতা। আজ শনিবার কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় সভাপতিত্বে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার বিষয়ে সুলতান মনসুর আমাকে অনুরোধ করেছেন। তার অনুরোধ আমি ফেলতে পারি না। আমি বলেছিলাম আজকে ঘোষণা দিবো। সাংবাদিকদেরও বলেছিলাম এ ঘোষণার কথা। কিন্ত আমি একটা দিন সময় নিতে চাই। আগামী পরশু সোমবার ঘোষণাটা দেবো। ৫ নভেম্বর সাড়ে ১২টার মধ্যে দলের লোকজন নিয়ে ড. কামাল হোসেনের চেম্বারে গিয়ে আমার অবস্থান জানিয়ে আসবো। ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, আপনাদের বিজয় হয়ে গেছে যেদিন আপনারা সংলাপে গেছেন। কারণ এক দিন আগেও সরকারের মন্ত্রীরা বলেছিলেন- ছালবাকলের সঙ্গে কোনো সংলাপ নয়। আর আপনার চিঠির ২৪ ঘণ্টার মধ্যেই সাড়া দিয়েছেন। এখানেই আপনাদের জয়।