
নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, নৌকা হচ্ছে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিয়ে মানুষ কখনও বঞ্চিত হয়নি। তিনি সব ভেদাভেদ ভুলে নেতার্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংগঠনকে গতিশীল করতে হবে। খুলনা-২ আসনে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শেখ সালাউদ্দিন জুয়েল নির্বাচন করছে। শেখ হাসিনাকে বিজয়ী করতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসঙ্গে খুলনার সব আসনে নৌকার প্রার্থীর জয় নিশ্চিত করতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্যাম্পেইন ও প্রচারণা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
শেখ হেলাল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে বাংলাদেশ রূপান্তর হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায়। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা যা করেছেন অতীতে কোনও সরকার তা করেনি। পদ্মাসেতু নির্মাণ কাজ শেষ হলে এ অঞ্চলের চেহারা পাল্টে যাবে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। তিনি আরও বলেন, খুলনাকে মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীমুক্ত করা হবে। যারা মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে এবং যাদের নামে এসব অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থাই নয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে। খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন। বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান এমপি।