News71.com
 Bangladesh
 01 Nov 18, 08:23 PM
 414           
 0
 01 Nov 18, 08:23 PM

আওয়ামী লীগের সাথে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক॥ উভয়পক্ষের বক্তব্যই সহনশীল

আওয়ামী লীগের সাথে  জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক॥ উভয়পক্ষের বক্তব্যই সহনশীল

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাড়ে তিন ঘণ্টার সংলাপের পর জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ভবিষ্যতে আলোচনা অব্যাহত থাকবে । তবে এই জোটের অন্যতম শরিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, ‘আমি এই সংলাপে খুব সন্তুষ্ট নই।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর গণভবনে সন্ধ্যা সাতটার দিকে সংলাপ শুরু হয়ে চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের ২৩ নেতার সঙ্গে সংলাপে অংশ নেন জাতীয় ঐক্যফ্রন্টের ২০ নেতা। ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা।

সংলাপ শেষে ঐক্যফ্রন্টের নেতারা গণভবন থেকে বের হওয়ার পর পরই গণমাধ্যমকর্মীরা তাঁদের ছেঁকে ধরেন। তবে ঐক্যফ্রন্টের নেতারা তাৎক্ষনিকভাবে মুখ খুলতে নারাজ ছিলেন। অবশ্য ঐক্যজোট নেতারা সাংবাদিকদের সাথে কথা বলতে না চাইলেও এবিষয়ে উদার ছিলেন ১৪ দলীয় জোটের পক্ষ থেকে সংলাপে অংশগ্রহণকারীরা। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর কাজী জাফর উল্যাহ সাংবাদিকদের বলেন, ‘বিএনপি সাত দফার কথা বলেছে। আমরা তাদের কথা শুনেছি। আলোচনা ফলপ্রসূ হয়েছে। বরফ গলতে শুরু করেছে।’

বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, সংলাপ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় ড. কামাল সাংবাদিকদের জানিয়েছেন, সংলাপ ভালো হয়েছে। তবে সংলাপে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা তিনি উল্লেখ করেননি।তবে এর কিছু সময় পর বাসায় ফিরে রাতে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. কামাল জানান, দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। দুই পক্ষই একে-অপরের কথা শুনেছে।

উল্লেখ্য গণভবনে যাওয়ার জন্য ঐক্যফ্রন্ট প্রথমে ১৬ জন নেতার নাম জানিয়েছিল। পরে আজ এই জোট নতুন করে পাঁচ সদস্যের নামের তালিকা আওয়ামী লীগের কাছে পাঠায়। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মহসীন মন্টু স্বাক্ষরিত এক বিবৃতিতে সংলাপের জন্য সর্বমোট ২১ সদস্যের প্রতিনিধি দল যোগদানের কথা বলা হয়। তবে শেষ পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সংলাপে যোগ দেননি।


এদিকে আলোচনা কি আজই শেষ? না আরও হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, যেকোনো জায়গায় যেকোনো সময় আলোচনা হতে পারে। আমরা তাদের নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছি।’ অপরদিকে আলোচনা চালিয়ে যাওয়ার আভাস দিয়েছে ঐক্যফ্রন্টও। ভবিষ্যতে আলোচনা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে এই জোট। বিএনপি সন্তুষ্ট না হলেও, হাল ছাড়েনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন