
নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ভারত যে কোনো সংকটময় মুহূর্তে বাংলাদেশের পাশে ছিলো, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং ভারতের সেনারা একসঙ্গে যুদ্ধ করেছেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন। যা ভারতের জন্য গর্বের বলেও উল্লেখ করেন তিনি। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনের সময় তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় হাই কমিশনার আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের একটি শক্তিশালী বীজ বপন করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ সেই সম্পর্কের এক সোনালী অধ্যায় বিরাজ করছে।