News71.com
 Bangladesh
 30 Oct 18, 11:55 AM
 325           
 0
 30 Oct 18, 11:55 AM

জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে দুর্যোগ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন

জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে দুর্যোগ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন

নিউজ ডেস্কঃ চেয়ার কান্ট্রি হিসেবে আগামী জানুয়ারির দুর্যোগ-সংক্রান্ত আন্তর্জাতিক পরামর্শক গ্রুপের (আরসিজি) চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। জানুয়ারির চতুর্থ সপ্তাহে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ এম এ হাশিমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করতে পারেন বলে সভায় জানানো হয়। সম্মেলনে প্রায় ৪০টি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। এ ছাড়া দুর্যোগ-সংক্রান্ত আন্তর্জাতিক সকল সংস্থাকেও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয় সভায়।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা-ইউওসিএইচএ এর উদ্যোগে সিভিল-মিলিটারি সমন্বয়ের মাধ্যমে বড় ধরনের দুর্যোগ মোকাবেলা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ২০১৪ সালে আরসিজি গঠন করা হয়। দুর্যোগে সাড়াদান কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা, শিক্ষণ, অনুশীলন ও তথ্য বিনিময় এ সংস্থার অন্যতম কাজ। সভায় জানানো হয়, বাংলাদেশে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ভূমিকম্প প্রস্তুতি, রোহিঙ্গা ইস্যু, ঘূর্ণিঝড়, বন্যা ও প্রতিবন্ধিতার মতো বিষয়গুলো নিয়ে সদস্য দেশগুলোর অভিজ্ঞতা, অনুশীলন, শিক্ষণ ও তথ্য বিনিময় করার পরিকল্পনা রয়েছে। সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। তবে সময়ের সঙ্গে দুর্যোগের ধরন ও মাত্রা পরিবর্তন হচ্ছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে দুর্যোগ মোকাবেলায় প্রত্যেক দেশের অভিজ্ঞতা বিনিময় করে ক্ষয়ক্ষতি আরও কমিয়ে আনতে হবে। এজন্য বিভিন্ন দেশকে পরস্পরের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন