
নিউজ ডেস্কঃ সব ঠিকঠাক মতো এগোলে আর কিছু দিনের মধ্যেই তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে বাংলাদেশ সরকার একটি কূটনৈতিক মিশন চালু করতে যাচ্ছে। পুরো দক্ষিণ ভারতে এটিই হবে বাংলাদেশের প্রথম দূতাবাস। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই দূতাবাস খোলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এর জন্য যে যে বিভাগ বা মন্ত্রণালয়ের অনুমতি দরকার, তার সবই এসে গেছে, এখন শুধু তামিলনাড়ু রাজ্য সরকারের অনুমতি পেলেই বাংলাদেশ সরকার দূতাবাস ভবনের জন্য পছন্দসই বাড়ি খোঁজা শুরু করতে পারে। এই মুহূর্তে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশন ছাড়াও ভারতের আরও দুই মেট্রো শহর কলকাতা ও মুম্বাইতে তাদের ডেপুটি হাই কমিশন রয়েছে।
এছাড়া, ত্রিপুরার রাজধানী আগরতলা ও আসামের রাজধানী গৌহাটিতেও রয়েছে বাংলাদেশের কূটনৈতিক মিশন। চেষ্টা চলছে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও একটি মিশন খোলার। এই মানচিত্র থেকে ভারতের দাক্ষিণাত্য এতদিন পুরোপুরি বাইরেই থেকে গেছে, অথচ দক্ষিণ ভারতের সঙ্গেও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যে আরও নিবিড় করা দরকার, সেই প্রয়োজন অনুভূত হচ্ছে বেশ কিছুদিন ধরেই। চেন্নাইয়ে বাংলাদেশের মিশন চালু হলে সেই অভাব অনেকটাই মিটতে পারে। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী সম্প্রতি একটি বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে তামিলনাডু লাগোয়া পন্ডিচেরি (এখন যার নাম পুদুচ্চেরি) শহরে গিয়েছিলেন। তখনও এই বিষয়টি নিয়ে তামিলনাড়ু সরকারের সঙ্গে তার আলোচনা হয়েছে বলে জানা গেছে।