
নিউজ ডেস্কঃ গ্রীষ্ম-বর্ষামৌসুমে বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ ছয়মাসের বেশি বন্ধ থাকার পর আজ শুক্রবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জলপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল সাড়ে নয়টা ও সাড়ে দশটায় প্রায় পাঁচশো পর্যটক নিয়ে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও বে-ক্রুজ নামের দু’টি জাহাজ রওয়ানা দিয়েছে সেন্টমার্টিনের উদ্দেশে। নভেম্বর থেকে বাকি আরো পাঁচটি জাহাজ চলাচল শুরু করবে বলে জানান সংশ্লিষ্টরা। অপার সৌন্দর্যের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণের জন্য প্রতিবছর অপেক্ষা করেন পর্যটকরা। শীত মৌসুমে প্রতিদিন কয়েক হাজার পর্যটকের সমাগম হয় নীল জলরাশির এ দ্বীপে।
জানা যায়, সামুদ্রিক শান্ত আবহাওয়ায় শীতকালীন পর্যটন মৌসুমে টেকনাফ-সেন্টমার্টিন জলপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয় প্রশাসন। সাধারণত অক্টোবরের শেষ দিকে জাহাজ চলাচল শুরু হয় এবং এপ্রিলের প্রথমদিকে বন্ধ হয়ে যায়। তবে সমুদ্রে লঘুচাপ-নিম্নচাপের কারণে সাগর সাময়িকভাবে উত্তাল হয়ে উঠলে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।