News71.com
 Bangladesh
 26 Oct 18, 01:33 PM
 163           
 0
 26 Oct 18, 01:33 PM

ঐক্যফ্রন্টের সাত দফা সংবিধান পরিপন্থি ॥ বাণিজ্যমন্ত্রী

ঐক্যফ্রন্টের সাত দফা সংবিধান পরিপন্থি ॥ বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ সরকারের কাছে জাতীয় ঐক্যফ্রন্টের দেওয়া সাত দফাকে সংবিধান পরিপন্থি বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই দফাগুলোর কোনোটিই মানা সম্ভব না। আজ শুক্রবার সিলেট শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা নিজেরাই পদ্মাসেতু করছি। মেট্রোরেল হচ্ছে। এসব মেগা প্রকল্প ছাড়াও দেশের সবক’টি অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। এটার ধারাবাহিকতা রক্ষা করতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটকে আবারও বিজয়ী করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা যারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে (নির্বাচনকালের) ক্যাবিনেটে যাচ্ছি। আমরা রুটিন ওয়ার্ক করবো। এখানে যারা সাত দফা দিয়েছেন। কোনোটাই সম্মত নয়, সবগুলোই সংবিধান পরিপন্থি। এ ধরনের দাবি গ্রহণ করা হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশন ঘোষিত তারিখ অনুসারে বর্তমান সরকারের অধীনেই। তিনি বলেন, প্রতিবেশীদেশ ভারতে ক্ষমতাসীন দল ক্ষমতায় থাকে, পার্লামেন্ট বজায় থাকে। নির্বাচনের পর আরেকটা পার্লামেন্ট হওয়ার পর কেবল পার্লামেন্ট বিলুপ্ত হয়। সুতরাং তাদের দাবিগুলো অযৌক্তিক, এতো দফা মানা সম্ভব নয়।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, (গণফোরাম সভাপতি) ড. কামাল হোসেনের নেতৃত্বে জোট (ঐক্যফ্রন্ট) হয়েছে। তিনি আদর্শের কথা বলেন। অথচ তিনি বলেন, তারেক জিয়ার সঙ্গে ঐক্য করিনি, জামায়াতের সঙ্গে ঐক্য করিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাদ দিয়ে কিভাবে ঐক্য করলেন তিনি? তাছাড়া জামায়াতও ২০ দলীয় জোটে আছে। প্রথমে তিনি (ড. কামাল) অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। বাংলাদেশের মানুষ কখনো বিভ্রান্ত হবে না। আগামী নির্বাচন শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এগিয়ে যাবে। রাজনীতির মাঠের এই অবস্থায় তফসিল ঘোষণা করা হলে ঐক্যফ্রন্ট আন্দোলনে যাবে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী বলেন, গত ১০ বছর ধরে তারা আন্দোলন, আন্দোলন করে গেছে। কিন্তু একদিনের জন্যও রাস্তায় দাঁড়াতে পারেনি। দাঁড়াতে পেরেছিল ২০১৩-১৪ সালে নির্বাচন বানচাল করার জন্য, তারা ব্যর্থ হয়েছে। আজকের তারা স্বীকার করে এটা তাদের ভুল ছিল। সুতরাং আবার এই কাজ করলে ক্ষতিটা তাদেরই হবে। কারণ দেশে বিশৃঙ্খলা-অরাজকতা সৃষ্টি করতে চাইলে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে। নির্বাচনকালীন সরকারের আকার ছোট হবে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি নিজেই বলেছেন, সংবিধানে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। হয়তোবা এই সরকারই ক্ষমতায় থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন