
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভ্রাতুষ্পুত্র ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ সালাউদ্দিন জুয়েলকে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খুলনা-২ আসনের প্রার্থী ঘোষণা করলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। গতকাল বৃহস্পতিবার রাতে খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভার মধ্যদিয়ে খুলনা-২ আসনে নির্বাচনের প্রচারণা শুরু করলেন শেখ সালাহ উদ্দিন জুয়েল। এ সময়ে মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময়ে শেখ জুয়েল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে উন্নয়ন। এই উন্নয়ন এবং গণতন্ত্রের ধারাবাহিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। শেখ জুয়েল আরোও বলেন, এই নির্বাচনে বিজয় লাভ করতে হলে প্রতিটি ভোটারের কাছে গিয়ে শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। মনে রাখতে হবে-৭১এর পরাজিত শত্রু আর ৭৫ এর খুনীরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা সুযোগ পেলেই যেকোন সময় মারাত্মক ক্ষতি করবে। প্রত্যেক ওয়ার্ডে এদের গতিবিধি লক্ষ্য রেখে মানুষের পাশে গিয়ে দাড়াতে হবে। ষড়যন্ত্রকারীরা অপপ্রচারে লিপ্ত রয়েছে। ওরা যাতে অপপ্রচার করতে না পারে সেদিকে কড়া দৃষ্টি রাখতে হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আপনাদের সাথে থেকে অংশীদার হতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। সভায় শেখ সালাউদ্দিন জুয়েলকে খুলনা-২ আসনের সংসদ সদস্য হিসেবে সকলের সামনে পরিচয় করিয়ে দেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এ সময়ে শেখ সালাউদ্দিন জুয়েলকে নৌকা প্রতীকে বিজয়ী করে আনার জন্য সকল ওয়ার্ড থেকে একমত পোষণ করেন ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক।