
নিউজ ডেস্কঃ দুদক আইনে ঘুষ-দুর্নীতি সরকারি দায়িত্ব পালনের সঙ্গে সম্পৃক্ত নয়, যারা এমন কাজ করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমাদের কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় রাজধানীতে দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের আগে সরকার তথা ওই কর্মচারীর নিয়োগ কর্তৃপক্ষের অনুমতি লাগবে- এমন বিধান রেখে গতকাল বুধবার জাতীয় সংসদে সরকারি চাকরি বিল-২০১৮ পাস হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এ ক্ষেত্রে বিরোধী দলের জোরালো আপত্তি সংখ্যাগরিষ্ঠতায় নাকচ হয়ে যায়। এ আইন প্রসঙ্গে দুদুক চেয়ারম্যান বলেন, যারা ঘুষ-দুর্নীতিতে জড়িত, এই আইন পাশে তাদের খুশি হওয়ারও কোনো কারণ নেই। ফাঁদ মামলাসহ দুদকের অন্যান্য দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।