
নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানকে সম্মানসূচক ডি. লিট উপাধি দিয়েছে ভারতের মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিএম)। গতকাল বুধবার গুয়াহাটির একটি হোটেলে বিশ্ববিদ্যালয়টির বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাকে এ সম্মান দেওয়া হয়। বাংলাদেশের উচ্চশিক্ষায় অনন্য অবদানের জন্য তিনি এ উপাধি লাভ করেন। আজ বুহস্পতিবার ইউজিসি থেকে এক ষংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুতারোপ করেন। এ সম্মাননা নিজের পিতামাতা,শিক্ষক ও শিক্ষার্থীদেরকে উৎসর্গ করেছেন অধ্যাপক আব্দুল মান্নান। তিনি বলেছেন,এ সম্মাননা শুধুমাত্র তাকে নয় গোটা বাংলাদেশকে সম্মানিত করেছে। তিনি তার বক্তব্যে শৈশবকালে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা এবং সে সময়ে শিক্ষালাভের পরিস্থিতি সর্ম্পকে ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশ বাকস্বাধীনতা ও মুক্তচিন্তার একটি দেশ হওয়ার কারণেই বহু ব্যক্তির ও সামষ্টিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিকাশ লাভে সক্ষম হয়েছে। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার তার এ পি জে আবদুল কালাম স্মারক বক্তকৃতা পাঠ করার কথা অধ্যাপক আবদুল মান্নানের। ভারতের ১১তম রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম স্মারক ভাষণের জন্য তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে এ সম্মান লাভ করেন।