News71.com
 Bangladesh
 25 Oct 18, 11:35 AM
 259           
 0
 25 Oct 18, 11:35 AM

পুলিশের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ কমেছে॥ ডিএমপি কমিশনার  

পুলিশের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ কমেছে॥ ডিএমপি কমিশনার   

নিউজ ডেস্কঃ সাধারণ মানুষের সঙ্গে পুলিশ সদস্যদের খারাপ আচরণের অভিযোগ কমে এসেছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, পুলিশ সদস্যদের আচরণ কেমন হবে, সে বিষয়ে আমরা সচেতন। আগে যেভাবে ব্যাপকহারে খারাপ আচরণের অভিযোগ আসতো, আমি দায়িত্ব নিয়ে বলছি, এখন শতকরা ৫ ভাগও খারাপ আচরণের অভিযোগ আসে না। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

সম্প্রতি চেকপোস্টে তল্লাশি না করে এক নারীর সঙ্গে বিরূপ ও খারাপ আচরণের ভিডিও ভাইরাল হবার পর পুলিশের আচরণগত উন্নতিতে কেনও ওরিয়েন্টশন আছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, গভীর রাতে চেকপোস্টে এক নারী সিএনজি যাত্রীকে পুলিশের তল্লাশিকালে খারাপ আচরণের ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যে এই ভিডিওটি আপলোড করেছেন তিনিও পুলিশ সদস্য। তিনি ভেবেছিলেন ওই ভিডিওটা প্রকাশ করলে তার হয়তো সুনাম হবে। কিন্তু তিনি যে অপেশাদার আচরণ করেছেন তা বোঝার ক্ষমতা উনার নেই। ঘটনার সুষ্ঠু তদন্তে ৪৮ ঘণ্টার সময় দিয়ে মতিঝিল বিভাগের উপ-কমিশনারের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর দায়-দায়িত্ব নির্ধারণ করে, যারা ওই নারীর সঙ্গে খারাপ আচরণ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, আগামীতে যে কোনও পুলিশ সদস্য কোনও নাগরিকের সঙ্গে পেশাদার আচরণের বাইরে কিংবা খারাপ আচরণ করলে, পুলিশের বিষয়ে নেতিবাচক প্রভাব তৈরি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করে খারাপ আচরণের হার কমিয়ে এনেছি। আমরা শুধু মোটিভেশন কিংবা প্রশিক্ষণই দেই না, যে সব পুলিশ সদস্য অপেশাদার আচরণ করেন তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থাও গ্রহণ করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন