
নিউজ ডেস্কঃ ঘুষ গ্রহণকালে হাতেনাতে ধরা খেলেন সুপ্রিম কোর্টের এক কর্মকর্তাসহ তিন কর্মচারী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ১৭ হাজার টাকা। পরে স্বীকারোক্তির ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করে সুপ্রিম কোর্ট প্রশাসন। বরখাস্তকৃতরা হলেন সুপ্রিম কোর্টের কমিশনার অব এফিডেভিট মোঃ রবিউল করিম,কর্মচারী মোঃ নিজাম উদ্দিন ও এম.এল.এস.এস জেসমিন আক্তার। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে সাময়িক বরখাস্তের পাশাপাশি ওই তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান হাইকোর্টের স্পেশাল অফিসার অতিরিক্ত জেলা জজ ব্যারিস্টার মোঃ সাইফুর রহমান। তিনি জানান,সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকদিন ধরে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ এবং আজ বুধবার উৎকোচ গ্রহণের সময় অভিযুক্ত তিনজনকে হাতেনাতে ধরেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন। এরপর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ করা হয়। সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়,আজ বুধবার সুপ্রিম কোর্টের কমিশনার অব এফিডেভিট শাখা পরিদর্শন করেন ড. জাকির হোসেন,হাইকোর্টের রেজিস্ট্রার মোঃ গোলাম রাব্বানীসহ প্রশাসনের কর্মকর্তারা। পরিদর্শনকালে রবিউল করিমের কাছ থেকে ১৩ হাজার,নিজামউদ্দিনের বাম পকেট ও ড্রয়ার হতে আড়াই হাজার এবং জেসমিন আক্তারের পার্স হতে ১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসা করা হলে অবৈধ লেনদেন তথা ঘুষের মাধ্যমে ওই অর্থ পেয়েছেন বলে স্বীকার করেন। তাদের এই কার্যকলাপ হাইকোর্ট বিভাগ কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা,১৯৮৩ এর ২, ২ বিধি মোতাবেক অসদাচরণ ও দুর্নীতির সামিল। ফলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো।