News71.com
 Bangladesh
 24 Oct 18, 11:09 AM
 254           
 0
 24 Oct 18, 11:09 AM

১ ডিসেম্বর থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু  

১ ডিসেম্বর থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু   

নিউজ ডেস্কঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও লটারির সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা (দ্বিতীয় থেকে নবম শ্রেণি) ও ২৩ ডিসেম্বর প্রথম শ্রেণির লটারি অনুষ্ঠিত হবে। ১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন কার্যক্রম চলবে। আজ বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) ২০১৯ শিক্ষাবর্ষে ভর্তি নীতিমালা সংক্রান্ত এক সভায় ভর্তির সময় নির্ধারণের প্রস্তাবনা করা হয়েছে। সভার প্রধান মাউশির পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক আব্দুল মান্নান বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ ডিসেম্বর থেকে ভর্তি ফরম বিক্রি শুরু হবে। ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি ফরম পাওয়া যাবে। ভর্তি ফরমের দাম ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটক মোবাইলের মাধ্যমে মূল্য পরিশোধ করতে হবে। ২৩ ডিসেম্বর প্রথম শ্রেণির ভর্তি লটারি আয়োজন করা হবে। সেদিন বিকেলেই ফলাফল প্রকাশ করা হবে। দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে। ৩০ ডিসেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

মাউশির পরিচালক বলেন, গতবারের মতো এবারও মহানগরের ৩৫টি সরকারি বিদ্যালয়কে “এ“ “বি“ ও “সি“ এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। “এ“ ক্যাটাগরিতে ১৩টি বিদ্যালয়ে ১৭ ডিসেম্বর, “বি“ ক্যাটাগরিতে ১২টি ১৮ ডিসেম্বর ও “সি“ ক্যাটাগরিতে ১২টি ১৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। তিনি আরও বলেন, ঢাকা মহানগরের সব বিদ্যালয়ের শূন্য আসনের তালিকা চাওয়া হয়েছে। শূন্য আসনের তালিকা পাওয়ার পর যাচাই-বাছাই করা হবে। পরবর্তী এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশনা জারির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করা হবে। ঢাকার বাইরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও একই সময়ে লটারি ও ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। তবে জেলা পর্যায়ে কেউ চাইলে দুই বা তিনদিন আগে পরেও করতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন