
নিউজ ডেস্কঃ ঢাকায় এশিয়ার কোস্টগার্ড প্রধানদের নিয়ে ৫ দিনব্যাপী সভা শুরু হয়েছে। আজ মঙ্গলবার থেকে সভা শুরু হয়। ২৭ অক্টোবর পর্যন্ত সভা চলবে। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার বিএন আবদুল্লাহ আল মারুফ জানান, ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ৫ দিনব্যাপী হেডস অব এশিয়ান কোস্টগার্ড এজেন্সিস মিটিংয়ের (এইচএসিজিএএম) তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। বাংলাদেশসহ মোট ২২টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার শতাধিক প্রতিনিধি ৫ দিন ব্যাপি এ সভায় অংশগ্রহণ করবেন। আগামীকাল ২৪ অক্টোবর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সভায় অনুষ্ঠিতব্য হাইলেভেল মিটিংএ অস্ট্রেলিয়া, ব্রুনাই, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, লাওস, তুরস্ক, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, থাইল্যান্ড, ভিয়েতনাম, বাহরাইনসহ রি-ক্যাপ এর শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সদস্য দেশসমূহের সমুদ্র ও উপকূলবর্তী অঞ্চলে উদ্ধার তৎপরতা, পরিবেশ দূষণ রোধ-প্রতিরোধ, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং কোস্ট গার্ড বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে হাই লেভেল মিটিং এ বিস্তারিত আলোচনা করা হবে। সভায় উপরোল্লিখিত বিষয়সমূহে আশানুরূপ ফল লাভের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সমঝোতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদান সংক্রান্ত সম্মতি প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করছে কোস্ট গার্ড।