
মিথুন কুমারঃ সকালের বাতাসে এখন কুয়াশার ঘ্রাণ। কুয়াশার সঙ্গে শরতের প্রকৃতিতে এখন শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণ। প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। বিশেষ করে গ্রামাঞ্চলে স্পষ্ট হয়ে উঠেছে প্রায় শীতকাল। আর রাজধানী-সহ শহর অঞ্চলেও ভোরের দিকে পাওয়া যাচ্ছে শীতের আমেজ। বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে গ্রামাঞ্চলে। তাহলে সেই কাঙ্ক্ষিত শীত কী চলেই এলো? শীত উপলক্ষে বাহারি পিঠা-পুলি খাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন রাজধানীর অনেকেই। আর গ্রামে তো পিঠা-পুলির সে আয়োজন চলছেই। গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত দেখা গেছে, গত কয়েকদিন ধরে দুপুর গড়িয়ে বিকেল হলেও তেমন একটা দেখা মিলছে না সূর্যের বা সূর্যের সেই তপ্ত তাপ। শরতের বিদায়, হেমন্তের আবির্ভাব, দিনের দৈর্ঘ্য হ্রাস পেয়েছে, সাথে সূর্যের তাপও কমেছে। গ্রাম এলাকার দিকে মাঝ রাতে কুয়াশা পড়ছে এমন কি ১০/১২ দূরে কিছুই দেখা যাচ্ছে না। গ্রামের দিকে এখন মাঝ রাত হলেই পুরু কাথা বা কম্বল গায়ে দিয়ে শুতে হচ্ছে।
প্রতি বছরের ন্যায়, পৌষ ও মাঘ মধ্য ডিসেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারি এই দুই মাস মিলে শীতকাল হলেও অক্টোবরের শুরু থেকেই এদেশে আসতে শুরু করে শীতের আমেজ। তবে কুয়াশার আঁচল সরিয়ে শিশিরবিন্দু মুক্তোর দানার মতো দ্যুতি ছড়াতে শুরু করলেও শীতের আসল মজা পেতে নগরবাসীকে এখনো অপেক্ষা করতে হবে বেশ অনেকটা দিন।