
নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর এলাকার তাজমহল রোডে একটি মোটরসাইকেলের গ্যারেজে বিস্ফোরণে কর্মচারীসহ ৫ জন দগ্ধ হয়েছে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে তাজমহল রোডে বাইকার শপ নামের গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন দোকানের কর্মচারী আরিফুল ইসলাম ২৫, আবুল কাশেম ৩২,মিন্টু মিয়া ৫২,রিপন ৩৫ ও ক্রেতা রবিউল হাসান পনিক ২৩। এদের একজন হলেন শ্যামলীর বাসিন্দা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রবিউল। দগ্ধ গ্যারেজ কর্মচারী আরিফুল ইসলাম জানান,গ্যারেজের ভেতরে কাজ করছিলেন তারা। এ সময় হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে তারা দগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বার্ন ইউনিট কর্তব্যরত চিকিৎসক জানান,দগ্ধদের সবারই হাত,মুখ,গলা ও শরীরসহ বেশ কিছু অংশ ঝলসে গেছে। সবাইকেই ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক এসআই বাচ্চু মিয়া চিকিৎসকের বরাদ দিয়ে বলেন,দগ্ধ পাঁচজনের কেউই আশঙ্কা মুক্ত নয়।