
নিউজ ডেস্কঃ পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলীর আওতায় দরপত্র টেন্ডার ছাড়াই নিজেদের পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়া বন্ধ হয়নি এখনো। সর্বশেষ প্রায় ১০ কোটি টাকার কাজ দেওয়া হয়েছে সম্প্রতি। এর মধ্যে পাবনার পাকশী রেলওয়ে অফিসার্স কলোনিতে একটি বাংলো ভেঙে নতুন করে নির্মাণের নামে টাকা লুটের পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ঠিকাদারদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সূত্র মতে,পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় সম্প্রতি প্রায় ১০ কোটি টাকার কাজ দেওয়া হয়েছে পছন্দের ঠিকাদারদের। এর মধ্যে পাকশীতে রেলওয়ে অফিসার্স কলোনীর বিভাগীয় প্রকৌশলীর বাংলো নির্মাণ করা হচ্ছে। কাজটিতে প্রায় কোটি টাকা ব্যয় দেখানোর পাঁয়তারা চলছে। নামকাওয়াস্তের এই কাজটির মাধ্যমে পছন্দের ঠিকাদার দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ফলে কোনো দরপত্র ছাড়াই কাজটি করছেন পাবনার ঈশ্বরদীর বিশ্বাস কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক নিজাম। এই প্রতিষ্ঠানকে আরো কয়েকটি কাজ দেওয়া হয়েছে দরপত্র ছাড়াই। সবমিলিয়ে অন্তত পাঁচ কোটি টাকার কাজ দেওয়া হয়েছে দরপত্র ছাড়া। স্থানীয় একাধিক সূত্র জানায়,বাংলোটি পুরনো একটি ভবন। সেটি সংস্কার করা যেত।
ব্রিটিশ সরকারের আমলে নির্মিত বাংলোটি সংস্কার করে রেলের ঐতিহ্য রক্ষা করাও যেত। কিন্তু ভবনটি ভেঙে ফেলে সেখানে আবার বাংলো নির্মাণ করা হচ্ছে। এমনকি পুরনো বাংলোটি ভেঙে ফেলার সময় সেখানকার পুরনো মালপত্র নিলামে বিক্রি করা হয়নি। ১১ লাখ ৫০ হাজার টাকার মালপত্র গোপনে বেচে সব টাকা ভাগ বাটোয়ারা করে নিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। পাকশীতে রেলওয়ের শত শত বাংলো ও কোয়ার্টার পড়ে আছে। কোনো কোনোটি স্থানীয়রা দখল করেও নিয়েছে। সেগুলো সংস্কার করেই বসবাসের যোগ্য করা যায়। কিন্তু ঐতিহ্যবাহী এই বাংলোগুলো সংস্কার না করে এখন ভেঙে সেগুলোর মূল্যবান মালপত্র বিক্রি করে দেওয়া হচ্ছে গোপনে। আবার নতুন ভবন নির্মাণেরও কোনো দরপত্র করা হচ্ছে না। রেলওয়ে সূত্র মতে, কোনো ভবন নির্মাণের আগে সেই ভবনের নকশা তৈরি করে প্রাক্কলন ব্যয় নির্ধারণ করতে হবে। এরপর সেই নকশা ও প্রাক্কলন ব্যয় অনুমোদনের জন্য প্রধান প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়। প্রধান প্রকৌশলী অনুমোদন দিয়ে বার্ষিক ক্রয় পরিকল্পনায় সেটি পাস করতে হয়। এরপর দরপত্র আহ্বান করা হয়। কিন্তু এত সব নিয়মের ব্যত্যয় ঘটিয়ে দরপত্র ছাড়াই একের পর এক ভবন নির্মাণসহ বিভিন্ন কাজ করা হচ্ছে।
সূত্র জনায়,সম্প্রতি যে ১০ কোটি টাকার কাজ বিনা দরপত্রে দেওয়া হয়েছে,তার সবগুলোই পেয়েছে প্রধান প্রকৌশলী রমজান আলী এবং পাকশী বিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলামের পছন্দের ঠিকাদার। এই দুই প্রকৌশলী বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে নিজেরাই কাজ করে থাকেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ জন্যই ওই সব ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে একের পর এক দরপত্র ছাড়াই কাজ দেওয়া হচ্ছে নিয়মনীতির বাইরে গিয়ে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রেলওয়ের লাইনসহ বিভিন্ন জরুরি স্থাপনা সংস্কারের জন্যই শুধু রেলওয়ে কর্তৃপক্ষ এলটিএম পদ্ধতিতে দরপত্র ছাড়াই ঠিকাদারদের দিয়ে কাজ করাতে পারে। কিন্তু এই নিয়ম লঙ্ঘন করে যেসব কাজ এলটিএমের আওতায় পড়ে না সেসব কাজও দরপত্র ছাড়া করা হচ্ছে। এভাবে গত দুই বছরে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় প্রায় ৩০০ কোটি টাকার কাজ করা হয়েছে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশন সম্প্রতি অনুসন্ধানে নামে। পাকশীর রেলওয়ে কলোনির বাংলো নির্মাণ বিষয়ে জানতে চাইলে পাকশী বিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন,কাজটির জন্য কোনো টেন্ডার হয়নি। তবে কাজটি করা প্রয়োজন ছিল,তাই করা হচ্ছে। এখানে কোনো অনিয়ম হয়েছে বলে জানা নাই। এ ব্যাপারে প্রধান প্রকৌশলী রমজান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। মেসেজ দেওয়া হলেও তিনি উত্তর দেননি।