News71.com
 Bangladesh
 08 Oct 18, 01:29 PM
 367           
 0
 08 Oct 18, 01:29 PM

নির্বাচনকালীন সরকার রুটিনের কাজ ছাড়া বড় সিদ্ধান্ত নেবে না ।। প্রধানমন্ত্রী  

নির্বাচনকালীন সরকার রুটিনের কাজ ছাড়া বড় সিদ্ধান্ত নেবে না ।। প্রধানমন্ত্রী   

নিউজ ডেস্কঃ নির্বাচনকালীন সরকার শুধু রুটিন কাজগুলো করবে,বড় কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন,একটা সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়। কিন্তু ওই পাঁচ বছরের সময় শেষ হওয়ার তিন মাস আগে নির্বাচনপ্রক্রিয়া শুরু হয়। তখন সরকার শুধু রুটিন কাজগুলো করতে পারে। এখন আমরা সেই পর্যায়ে পৌঁছে যাচ্ছি। গতকাল রবিবার গণভবনে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বিএমএ উদ্যোগে ‘চিকিৎসক সম্মিলন ২০১৮ তে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। চিকিৎসকদের ১৬ দফা দাবিনামা হাতে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিমুখে বলেন, বেলা শেষে দাবি দিয়ে তো লাভ নেই। যদি জনগণ ভোট দেয়,আবার ক্ষমতায় আসতে পারি, তখন আপনাদের দাবিগুলো বিবেচনা করব। এ সময় তাঁদের আশ্বস্ত করতে গিয়ে প্রধানমন্ত্রী দাবিনামা দেখিয়ে বলেন, এটা আমি ফেলে দিইনি,রেখে দিচ্ছি। উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসকদের নতুন পদ সৃষ্টি এবং নিয়োগ দেওয়ার পরও তাঁরা সেখানে সেবা না দেওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখানে একটা দুঃখের কথা বলতে চাই। যেখানে ৫০ বেডের আমাদের একটা হাসপাতালে কমপক্ষে ১০ জন ডাক্তার থাকার কথা,কোথাও কোথাও একজন,কোথাও কোথাও খুব বেশি হলে চারজন। সেখানে কিন্তু ডাক্তার থাকে না। মানুষ তাহলে সেবা পাবে কিভাবে? এটা আমার প্রশ্ন। জনগণকে অবহেলা না করার অনুরোধ জানিয়ে চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন,পদ আমরা সৃষ্টি করে দিয়েছি। কিন্তু সেখানে আমরা ডাক্তার পাই না। নিয়োগও আমরা দিয়ে যাচ্ছি। কিন্তু কেন এই অবহেলা মানুষের প্রতি? এটা নিশ্চিয়ই জনগণ আকাঙ্ক্ষা করে না।

সেটা আমি আপনাদের ভেবে দেখার জন্য অনুরোধ করব। মানুষের সেবা করা চিকিৎসকদের সর্ব প্রথম কর্তব্য উল্লেখ করে শেখ হাসিনা বলেন,শুধু রাজধানী নয়, সারা দেশের মানুষের স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে হবে। সেদিকে বিশেষভাবে নজর দেবেন বলে আমি আশা করি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে উন্নতমানে নেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন,সেখানে শত বছরের পুরনো বিল্ডিং,কেউ কেউ এটাকে হেরিটেজ বলেন। কিন্তু হেরিটেজ মাথায় ভেঙে পড়লে কী হবে সেটা আর কেউ ভাবে না। আমি নতুন প্ল্যান তৈরি করেছি। অত্যন্ত আধুনিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল আমরা নির্মাণ করে দেব। ইতিমধ্যে আমরা শয্যাসংখ্যা বৃদ্ধি করেছি। নতুন হাসপাতাল হলে এই শয্যাসংখ্যা আরো বৃদ্ধি করা হবে। প্রধানমন্ত্রী বলেন,আমাদের লক্ষ্য চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি। উপজেলায় চিকিৎসকদের আবাসন সমস্যার বিষয়টি স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন,একটা অসুবিধা আছে সেখানে। সেটা হলো থাকার অসুবিধা। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি উপজেলায় বহুতল ফ্ল্যাট তৈরি করে দেব। যাঁরাই যাবে তাঁরা যেন ভাড়া থাকতে পারেন। দেশের জনগণের প্রতি তাঁর সরকারের দায়িত্ব ও কর্তব্যের কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন,আমরা ১০ বছর পার করছি। এর আগে ছিলাম পাঁচ বছর। বাংলাদেশের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। ক্ষমতা আমরা হাতে নিয়েছি এই চিন্তা থেকে যে জনগণের সেবা করা আমার কর্তব্য,আমার দায়িত্ব। নিজেরা কী পেলাম,না পেলাম সে চিন্তা করি না। চিন্তা একটাই মানুষকে কতটুকু দিতে পারলাম।


চিকিৎসক,নার্সসহ সংশ্লিষ্টদের উন্নত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন,প্রশিক্ষণটা একান্তভাবে প্রয়োজন। ভালোভাবে ট্রেনিং দিয়ে উপযুক্ত করে গড়ে তুলতে চাই। ২০০৯ সালে সরকার গঠনের পর রাজশাহী,চট্টগ্রাম ও সিলেটে আরো তিনটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি বলেন,লক্ষ্য আছে প্রতি বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করে দেব। আবার যদি ক্ষমতায় আসতে পারি নিশ্চয়ই আমরা তা করব। চিকিৎসক নিয়োগের কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,ইতিমধ্যে আমরা ১২ হাজার ৫৪৬ জন চিকিৎসক নিয়োগ দিয়েছি। বিসিএসের মাধ্যমে পরীক্ষা নিয়ে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে চিকিৎসকদের জন্য বিসিএসের একটি পরীক্ষা নেওয়া হয়েছে। এর রেজাল্টটি ভীষণ ইন্টারেস্টিং। এতে ৬০ ভাগ মেয়ে ও ৪০ ভাগ ছেলে পাস করেছে। এ সময় মজা করে প্রধানমন্ত্রী বলেন,যেখানে সারা বিশ্বে জেন্ডার গ্যাপ কমাতে বলা হয়,সেখানে আমাদের দেশে উল্টো ছেলেদের ফল খারাপ। এখানে যেন ছেলেদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে জেন্ডার গ্যাপ কমাতে যাওয়ার মতো পরিস্থিতি। এ জন্য আমি ছেলেদের পড়াশোনায় একটু বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি যেন তারা অন্তত মেয়েদের সমান সমান হতে পারে। আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা উল্লেখ করে তিনি বলেন,২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত ও সমৃদ্ধিশালী বাংলাদেশ। আর ২১০০ সালের জন্য ডেল্টা প্ল্যান করে দিয়েছি। সোনার বাংলাদেশ গড়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম,প্রতিমন্ত্রী জাহিদ মালেক এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব মোঃ ইহতেশামুল হক চৌধুরী বক্তব্য দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন