
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে কটুক্তির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক মাইদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত । আজ সোমবার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সার এ রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ৩ অক্টোবর হাটহাজারী থানা পুলিশের পরিদর্শক শামীম শেখ চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চবি সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করতে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ।
চট্টগ্রাম আদালত পুলিশের পরিদর্শক বিজন কুমার বড়ুয়া জানান, তথ্য প্রযুক্তি আইনের মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক মাইদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করতে ৫ দিনের রিমান্ডের আবেদন জানায় মামলার তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে আনা কারণ হিসেবে আবেদনে তদন্ত কর্মকর্তা শামীম শেখ উল্লেখ করেন, আসামি কোন অপরাধ চক্রের সাথে জড়িত কিনা, কেন কি উদ্দেশ্যে তিনি এ ঘটনা ঘটিয়েছেন, আসামি যে মোবাইল ফোন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্ট্যাটাস দিয়েছেন সে মোবাইলের ফরেনসিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য ও নথি সংগ্রহ এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করতে ৫দিনের রিমান্ড প্রয়োজন ।
উল্লেখ্য, এর আগে গত ২৩ জুলাই চট্টগ্রামের হাটহাজারী থানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য ইফতেখার উদ্দীন আয়াজ। এ মামলায় মাইদুল ইসলামের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে কটূক্তির অভিযোগ তোলা হয়। উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হলে গত ২৪ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন মাইদুল ইসলাম। আদালত তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা তার রিমান্ড দাবি করে আদালতের কাছে। আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে ।