
নিউজ ডেস্কঃ নাব্যতা সংকট নিরসনে চ্যানেলমুখে খননকাজ চলমান থাকায় আজ শনিবার মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে ফেরি চলাচল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, গত একমাস ধরেই নাব্যতা সংকটের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এর মধ্যে গতকাল শুক্রবার সকাল থেকে সম্পূর্ণভাবে ফেরি চলাচল বন্ধ। চ্যানেলমুখে খননকাজ অব্যহত থাকায় ড্রেজারের কারণে ফেরি বন্ধ রাখা হয়েছে। এর আগে দিনের বেলায় ছোট দুই থেকে তিনটি ফেরি চলতো। আর সন্ধ্যার পর বন্ধ রাখা হতো। বিআইডব্লিউটিএ'র শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহম্মদ আলী বলেন, নৌরুটের টার্নিং পয়েন্ট ও চ্যানেলমুখে খননকাজ চলছে। ওই স্থানে ড্রেজার থাকায় ফেরি চলাচল গতকাল থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। ড্রেজিং কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করছি। তারা জানালেই ফেরি চলাচল শুরু করবে। তবে আজকেই চালু হবে না কিনা তা জানা নেই।