
নিউজ ডেস্কঃ মাছটি খাওয়ার জন্য নয়, মূলত শখের বশেই ধনীরা পালন করে। আর এমন মাছ ঘিরেই শুরু হয়েছে উন্মাদনা। মাত্র একটি মাছের দামই যখন প্রায় আড়াই কোটি টাকায় পৌঁছে তখন তো নড়েচড়ে বসতেই হয়। আর ওজনেও তেমন বড় নয় মাছটি। পালন করা যায় অ্যাকুরিয়ামেই। বিশ্বের বহু কোটিপতির বহু ধরনের শখ থাকে, তার একটি হলো এই মাছ পালন। বিশেষ করে চীনের কোটিপতিদের অন্যতম শখ এখন এই মাছকে ঘিরে। এটা নাকি তাদের স্ট্যাটাস সিম্বল। তিন লাখ ডলার পর্যন্ত পৌঁছায় কোনো কোনো মাছের দাম।
অত্যন্ত মূল্যবান এ মাছগুলোকে বলা হচ্ছে ড্রাগন ফিশ। আশির দশকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রায় তিন ফুট লম্বা মাছগুলোর প্রজনন শুরু হয়েছিল। আগে এগুলো ঠিক পোষ্য মাছ ছিল না। হঠাৎ রটে গেল, মাছগুলো বাড়িতে রাখলে নাকি সমৃদ্ধি বাড়ে, বাড়ে ধনসম্পদ। তার পরই মাছগুলোকে অ্যাকোরিয়ামে রাখা শুরু হলো। মাছগুলোকে নিয়ে পাগলামি এত বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে যে, তাদের চেহারা আরো সুন্দর করতে প্লাস্টিক সার্জারিও করা হচ্ছে। মাছগুলোর চোখ বাঁকা হলে কিংবা, মাছের মুখ মালিকের পছন্দ না হলে মোটামুটি পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে সার্জারি করার ব্যবস্থাও রয়েছে।