
নিউজ ডেস্কঃ উপযুক্ত প্রমাণ দিলে ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড: গওহর রিজভী। গতকাল শুক্রবার কলকাতার গ্র্যান্ড হোটেলে ইন্ডিয়া টুডে কনক্লেভ ইষ্ট ২০১৮ অনুষ্ঠানে ফ্রেন্ডস এন্ড নেবারস-শেয়ারিং মোর দ্যান এ বর্ডার শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের অবস্থান সম্পর্কে গওহর রিজভীকে প্রশ্ন করা হলে তিনি বলেন বাংলাদেশের বেশিরভাগ মানুষই মনে করেন আসামের অবৈধ অনুপ্রবেশ ইস্যুটি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়। এমনিয়ে ভারতের রাজনৈতিক মহলেই রয়েছে ভিন্নমত।এমনকি ভারতীয় গণমাধ্যমগুলিও এই ইস্যুটিকে গুরুত্ব সহকারে গ্রহণ করেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলাদেশের মানুষের কাছে যথেষ্ট জনপ্রিয়। আমিও গত ১০ বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রয়েছি, কিন্তু ভারত সরকার বাংলাদেশের সাথে কখনও এই বিষয়টি নিয়ে আলোচনা করেনি।
উপদেষ্টা ড: গওহর রিজভী আরও বলেন, অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের বিষয়টি সবেমাত্র শুরু হয়েছে। এটা একটা দীর্ঘকালীন প্রক্রিয়া এবং অদূর ভবিষ্যতে দুই দেশ হয়তো এই বিষয়টি নিয়ে আলোচনা করবে। বাংলাদেশ তাদের নাগরিকদের অবশ্যই ফেরত নেবে সেক্ষেত্রে পাঁচ জন, দশ জন, পাঁচ শতাধিক বা পাঁচ হাজার সংখ্যাটা যাই হোক না কেন-কিন্তু তারা যে বাংলাদেশি নাগরিক সেটা ভারতকেই প্রমাণ করতে হবে এবং একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। ভারতকে বলতে হবে যে কারা কারা আমাদের দেশের নাগরিক। আমরা ওদের ফেরত নিতে প্রস্তুত আছি। তবে এদিন অনেক প্রশ্নেরই খোলামেলা উত্তর দেন বাংলাদেশের এই কূটনীতিবিদ। রোহিঙ্গা প্রসঙ্গে উপদেষ্টা গওহর রিজভীর অভিমত বাংলাদেশ প্রায় দশ লাখ রোহিঙ্গা নাগরিককে আশ্রয় দিলেও আন্তর্জাতিক বিশ্বের উচিত একযোগে এই মানবিক ইস্যুতে সমাধানের পথ খুঁজে বের করা। কারণ এটা কেবলমাত্র বাংলাদেশের একার সমস্যা নয়, এটা একটা আন্তর্জাতিক সমস্যাও বটে। তাই সকলেরই উচিত মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা। এই সংকট মোকাবিলায় বাংলাদেশ সব ধরনের সহায়তা করে যাচ্ছে কিন্তু দেশ আশ্রয় নেওয়া প্রতিটি রোহিঙ্গাদের নথি সংগ্রহ করা হয়েছে, মিয়ানমারে পরিস্থিতির উন্নতি হলে এবং এই রোহিঙ্গাদের ফেরতের সময় হলে মিয়ানমারকে তাদের সম্মান দিতেই হবে। গত বৃহস্পতিবার মনিপুরের মোরে সীমান্ত দিয়ে ভারতে অবস্থান করা সাত রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো প্রসঙ্গে রিজভি বলেন আমি মনে করি যতক্ষণ না পর্যন্ত মিয়ানমার রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছে ততক্ষন পর্যন্ত ভারতের উচিত নয় রোহিঙ্গাদের সেদেশে ফেরত পাঠানো।