
নিউজ ডেস্কঃ আজ বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ সেপ্টেম্বর তারিখ বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো-"শিক্ষার অধিকার অর্থ একজন যোগ্য শিক্ষকের অধিকার"। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল (Education International - EI) ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়।
দিবসটি পালনের জন্য সরকারী-বেসরকারী পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশের বিভিন্ন শিক্ষক সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে। দিবস উপলক্ষ্যে সকাল ১০টায় আর্মি গলফ গার্ডেনে কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত আলোচনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইাসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া দেশের বিভিন্ন শিক্ষক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।