News71.com
 Bangladesh
 04 Oct 18, 06:42 AM
 297           
 0
 04 Oct 18, 06:42 AM

৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ স্লোগানে রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে আয়োজিত চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি এ মেলার উদ্বোধন করেন। উন্নয়ন মেলার মাধ্যমে জনগণ নিজেদের ভাগ্য গড়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই সুযোগ কাজে লাগিয়ে জনগণ তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারবে। জনগণের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য। আমি উন্নয়ন মেলা তরুণদের জন্য উৎসর্গ করছি। তরুণরা উন্নয়নের মাধ্যমে সন্ত্রাস ও মাদক দমন করে দেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ছেলেমেয়েদের শিক্ষার ব্যাপারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। উন্নত শিক্ষা গ্রহণ করে তারা যেন দেশে ও বিদেশে সুনাম অর্জন করতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার যেন কোনও সমস্যা না হয়, সেজন্য আমরা ভাতার ব্যবস্থা করে দিয়েছি। ডিজিটাল যুগে কেউ পিছিয়ে থাকুক সেটা আমরা চাই না। এসএসসি পরীক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও গণিত এই তিন বিষয়ে অনলাইনে যেন শিক্ষা পায় আমরা সেই ব্যবস্থা করে দিচ্ছি। আমরা মাতৃত্বকালীন ভাতা দিচ্ছি। বিধবা ও বয়স্কদের জন্যও ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এছাড়া, প্রতিবন্ধী শিশুদের জন্যও আমরা ভাতার ব্যবস্থা করে দিচ্ছি। আওয়ামী লীগের লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই ধারা যেন অব্যাহত থাকে।

এবারের মেলায় পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এ জন্য আলাদা একটি স্টলের পাশাপাশি জেলা কর্নারগুলোতে পর্যটন বিষয়ক নানা তথ্য দেয়া হবে। এবারের উন্নয়ন মেলায় মোট ৩৩০টি স্টল রয়েছে। এসব স্টলের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ২০টি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ১৯টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৬টি, কৃষি মন্ত্রণালয় ১৬টি, স্বাস্থ্য মন্ত্রণালয় ১০টি এবং যোগাযোগ মন্ত্রণালয় ৯টি স্টলে কর্মকাণ্ড প্রদর্শন করবে। চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে ৪ অক্টোবর দুপুরে ইআরডিতে বিদেশি কূটনৈতিক ও উন্নয়ন সহযোগীদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে। পরে তারা মেলাও পরিদর্শন করবেন বলে জানানো হয়। এ ছাড়া জাতীয় উন্নয়ন মেলার তিনটি সেমিনার হবে। মেলার প্রথম দিনে বিকেল ৫টায় বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ শীর্ষক সেমিনার এবং শেষ দিনে ‘শিক্ষিত জাতি সমৃদ্ধ দেশ, শেখ হাসিনার বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন জেলা বিষয়ে ব্র্যান্ডিং করা হবে। তুলে ধরা হবে দেশের ইতিহাস-ঐতিহ্য। মেলা শেষ হবে আগামী শনিবার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন