
নিউজ ডেস্কঃ দুর্নীতি ও প্রতারণার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মঙ্গলবার কনস্টেবল আসাদুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত কর্মচারী কনস্টেবল আসাদুজ্জামান দুদকের নিরাপত্তা শাখায় কর্মরত ছিলেন ।
মুনীর চৌধুরী জানান, অবৈধ অর্থ আদায়ের অভিযোগটি তাৎক্ষণিক তদন্ত করে এর সত্যতা প্রমাণিত হয়েছে। মহাপরিচালক বলেন, দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি চলছে। দুর্নীতি ধরা পড়ামাত্র কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে দুদক দৃঢ় প্রতিজ্ঞ ।
দুদক জানায়, সম্প্রতি কনস্টেবল আসাদুজ্জামান নিজেকে ইন্সপেক্টর পরিচয়ে রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের ভ্যাট সংক্রান্ত মামলায় দুদকের ভয় দেখিয়ে অর্থ আদায় করে। তিনি ৩ দফায় রাজধানীর একটি রেস্টুরেন্ট এবং রমনা পার্কে এ অর্থ নেয় বলে দুদকের গোয়েন্দা কার্যক্রমে বেরিয়ে আসে ।