
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামীকাল বুধবার (৩ অক্টোবর) নেত্রকোনা সফরে যাচ্ছেন। তিনি শহরের মুক্তারপাড়া মাঠে প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক লোকসংস্কৃতি উৎসব-২০১৮ উদ্বোধন করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন এ কথা জানান। প্রেস সচিব আরও জানান, সফরকালে রাষ্ট্রপতি জেলা শহরের পুরাতন হাসপাতাল রোডে শেখ কামাল আইটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম (জিএমসিএফ) এই উৎসবের আয়োজন করেছে। উৎসবে বিভিন্ন দেশের বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ও শিল্পীরা অনুষ্ঠানে যোগ দেবেন। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ও জিএমসিএফ’র সভাপতি মোস্তাফা জব্বার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। নেত্রকোনা জেলা প্রশাসন নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলার সর্বস্তরের মানুষ রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে অধির আগ্রহে অপেক্ষা করছে।