News71.com
 Bangladesh
 02 Oct 18, 06:30 AM
 174           
 0
 02 Oct 18, 06:30 AM

চলতি মাসেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সম্ভাবনা ॥ আবহাওয়া অধিদফতর

চলতি মাসেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সম্ভাবনা ॥ আবহাওয়া অধিদফতর

নিউজ ডেস্কঃ চলতি মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে। আজ সোমবার আবহাওয়া অধিদফতরে কমিটির নিয়মিত বৈঠক হয়। অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন। বিশেষজ্ঞ কমিটি অক্টোবরের পূর্বাভাস প্রতিবেদনে জানিয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

অক্টোবরে দেশের সব নদ-নদীর পানি কমার ধারা অব্যাহত থাকতে পারে। এ সময়ে দু-একটি নদীর পানি সামান্য বাড়লেও সব নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে বলেও পূর্বাভাস প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সদ্য শেষ হওয়া সেপ্টেম্বরে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৪৩ দশমিক ৬ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে বলেও জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি। গত মাসে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে রাজশাহীতে ৬০ দশমিক ৪ শতাংশ। এ সময়ে ঢাকায় স্বাভাবিকের চেয়ে প্রায় ৫০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন