
নিউজ ডেস্কঃ তিন দিনের আনুষ্ঠানিক সফরে বাংলাদেশে আসছেন সর্বাত্মক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি-সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন (সিটিবিটিও)- এর নির্বাহী সচিব ল্যাসিনা জারবো। আগামী ৩ অক্টোবর বিকেলে ঢাকা পৌঁছাবেন তিনি। ২০১৩ সালের ১ আগস্ট দায়িত্ব গ্রহণের পর বর্তমানে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনকারী জারবো-এর এটাই প্রথম বাংলাদেশ সফর। ৪ অক্টোবর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের মাধ্যমে শুরু হতে যাওয়া এ সফরে ল্যাসিনা জারবো বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সৌজন্য বৈঠকে অংশ নেবেন।
উল্লেখ্য, বাংলাদেশ গত বছরের ২০ সেপ্টেম্বর পরমাণু অস্ত্র নিরোধ চুক্তিতে (টিপিএনডব্লিউ) স্বাক্ষর করে। এছাড়া, বাংলাদেশ প্রায় সকল বৈশ্বিক নিরস্ত্রীকরণ-সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে স্বাক্ষরকারী দেশ, যেমন- পারমাণবিক অস্ত্রের বিস্তাররোধ-সংক্রান্ত চুক্তি (এনপিটি), সর্বাত্মক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (সিটিবিটি), রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (সিডব্লিউসি), প্রথাগত অস্ত্র-সংক্রান্ত চুক্তি (সিসিডব্লিউ), জৈব অস্ত্র নিরোধ চুক্তি (বিটিডব্লিউসি), মানব-বিধ্বংসী মাইন নিরোধ চুক্তি (এপিএমবিটি) ইত্যাদি। সফর শেষে ল্যাসিনা জারবো ৬ অক্টোবর জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।