
নিউজ ডেস্কঃ আজ ১ অক্টোবর, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭২ সালের এই দিনে মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানের অহংকারে গর্বিত বিপ্লবী তরুণ যুব সমাজের অগ্রগামী বৃহত্তর অংশ সামাজিক বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দৃপ্ত প্রত্যয়ে গঠন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। শুরুতে মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলকে (অব.) আহ্বায়ক এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সরাসরি ভোটে নির্বাচিত ডাকসুর প্রথম ভিপি, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের শীর্ষ নেতা, মুক্তিযুদ্ধে বিএলএফ-মুজিব বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের উপ-অধিনায়ক আ স ম আবদুর রবকে যুগ্ম আহ্বায়ক করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পরবর্তীতে ১৯৭৩ সালে সম্মেলনের মধ্য দিয়ে মেজর এম এ জলিল (অব.) সভাপতি এবং আ স ম আব্দুর রব সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই বছরই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৩টি আসন পায় জাসদ। পরে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল গঠন করা হলে জাসদ নিষিদ্ধ হয়ে যায়। এদিকে গত ৪৬ বছরে কয়েক দফা ভাঙনের মুখে পড়ে দলটি। সর্বশেষ ২০১৬ সালেও জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে আরেক দফা ভাঙন দেখা দেয় জাসদে। এদিকে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (সামবার) পৃথক পৃথক কর্মসূচি পালন করবে তথ্যমন্ত্রী হাসানুল হকের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, আ স ম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এবং শরিফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ।