
নিউজ ডেস্কঃ দুই দিনের সফরে সাতক্ষীরায় অবস্থান করছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সাতক্ষীরা স্টেডিয়ামে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাতক্ষীরা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে জেলা পুলিশ আয়োজিত মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া উপস্থিত রয়েছেন খুলনা বিভাগ ও সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ সাতক্ষীরার ৭টি উপজেলার কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে পর্যায়ক্রমে অফিসার্স মেস ও পুলিশ লাইন্স জামে মসজিদের পুননির্মাণ কাজের ফলক উন্মোচন ও সাতক্ষীরা বাইপাস সড়কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে খুলনা রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতোবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। পরবর্তীতে শ্যামনগর থানা পরিদর্শন করবেন।