
নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের নয়ানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ । পুলিশ জানায়, গত ৬ মাস আগে সাভারের নয়ানগর এলাকা থেকে নিজের মেয়েকে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকায় হালিম এর বাড়িতে নিয়ে ধর্ষণ করে বাবা আব্দুর রহমান। পরে মেয়েটি কৌশলে সাভারের নয়ানগর এলাকায় নিজ বাড়িতে পালিয়ে আসে। এর পর মেয়েটি লোকলজ্জার ভয়ে বিষয়টি নিয়ে কোথাও কোন অভিযোগ করেনি।
কিন্ত পাষন্ড বাবা তার হীন লালসা চরিতার্থ করার জন্য গতকাল আবারও মেয়েটিকে নয়ানগর এলাকায় নিজ বাড়ি থেকে ডেন্ডাবরে নিয়ে যাওয়ার জন্য আসে এবং জোর করতে থাকে। এসময় মেয়েটি বাধ্য হয়ে তারসাথে ধর্ষণের বিষয়টি এলাকাবাসীকে জানায়। এসময় ক্ষুব্ধ স্থানীয়রা ধর্ষণকারীকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ধর্ষণকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় ।সাভার মডেল থানার (এস আই) সোহেল আল মামুন নিউজ৭১ ডটকমকে জানান, যেহেতু ধর্ষণের ঘটনাটি আশুলিয়া থানায় পড়েছে তাই আসামি ও ভিকটিমকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।