News71.com
 Bangladesh
 27 Sep 18, 06:18 AM
 145           
 0
 27 Sep 18, 06:18 AM

ভারতের সৌর বিদ্যুৎখাতে বিনিয়োগ করতে চায় বাংলাদেশ  

ভারতের সৌর বিদ্যুৎখাতে বিনিয়োগ করতে চায় বাংলাদেশ   

নিউজ ডেস্কঃ ভারতের সৌর বিদ্যুৎখাতে বিনিয়োগ করতে চায় বাংলাদেশ। ভারত সরকারকে এর মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রস্তাবে প্রাথমিক সাড়াও দিয়েছে দেশটি। এখন উভয় দেশ এ ধরনের প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা করার বিষয়ে একমত হয়েছে। খুব শিগগির যৌথ কারিগারি দল সমীক্ষার কাজ শুরু করবে। সৌর বিদ্যুতে ভারতের উৎপাদন ক্ষমতা কাজে লাগানোর জন্য বাংলাদেশ বেশ আগে থেকেই চেষ্টা করে আসছিল। এ নিয়ে দিল্লির কাছে আগে থেকেই আলোচনা শুরু করেছিল ঢাকা। পিডিবি বলছে, ভারতের রাজস্থান সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য আদর্শ জায়গা। সেখানে প্রচুর খালি জমি রয়েছে। আর টানা পাঁচ ঘণ্টা সূর্যের আলো থাকে। ফলে বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ভারত দেশটির বিশাল ভূখণ্ডকে কাজে লাগিয়ে সৌর, বায়ু এবং জলবিদ্যুৎ উৎপাদনের নতুন লক্ষ্য নির্ধারণ করেছে। ক্রমান্বয়ে দেশটি নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় কমিয়ে আনতে চায়। ভারত বলছে নানামুখী উদ্যোগের কারণে তাদের প্রতি ইউনিট সৌর বিদ্যুৎ উৎপাদন খরচ মাত্র ২ দশমিক ৪৪ রুপি বা তিন দশমিক ৩৫ সেন্ট। অন্যদিকে বাংলাদেশে প্রতি ইউনিট সৌর বিদ্যুতের উৎপাদন খরচ হচ্ছে ১২ থেকে ১৫ সেন্টের মধ্যে। সঙ্গত কারণে সরকার মনে করছে ভারত থেকে সৌর বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশে আনা গেলে লাভবান হাওয়া সম্ভব।

জানা যায়, ভারত সরকার সৌর বিদ্যুৎ উৎপাদনে জমি দেওয়ার সঙ্গে সঙ্গে এবং গ্রিড লাইন করে দেয়। এছাড়া ভারতের কিছু জায়গাতে দীর্ঘ সময় ধরে সূর্যের আলো থাকে। এতে করে বিদ্যুৎ উৎপাদন বেশি হয়। বাংলাদেশে যেখানে সূর্যের জন্য সোলার প্যানেলের উৎপাদন ক্ষমতা ১৮ ভাগ ভারতে সেখানে ২৫ ভাগের বেশি। ভারত-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপের সদস্য আইপিপি সেল-১ এর প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, আমরা ভারতকে এ বিষয়ে প্রস্তাব দিয়েছি। ভারত ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তারা বলেছে, সেখানে বিদ্যুৎ উৎপাদন এবং বাংলাদেশে ওই বিদ্যুৎ আনার বিষয়ে একটি সমীক্ষা করা যায়। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে গ্রিড সংযুক্ত সোলার বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত সাফল্য বলতে মাত্র ২৩ মেগাওয়াট সোলারকে মূল গ্রিডের বিদ্যুতের সঙ্গে যোগ করা সম্ভব হয়েছে। এর মধ্যে ৩ মেগাওয়াট জামালপুরের সরিষাবাড়িতে আর ২০ মেগাওয়াট কক্সবাজারের টেকনাফে। তবে অন্য কেউ এখনও গ্রিড সংযুক্ত সৌর বিদ্যুৎ উৎপাদনে সাফল্য দেখাতে পারেনি। কিন্তু ২০২১ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ১০ ভাগ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন