News71.com
 Bangladesh
 27 Sep 18, 05:17 AM
 144           
 0
 27 Sep 18, 05:17 AM

‘ডিজিটাল নিরাপত্তা আইন’ ফেরত পাঠাতে রাষ্ট্রপতিরর কাছে টিআইবির আবেদন ।।  

‘ডিজিটাল নিরাপত্তা আইন’ ফেরত পাঠাতে রাষ্ট্রপতিরর কাছে টিআইবির আবেদন ।।   

নিউজ ডেস্কঃ ‘ডিজিটাল নিরাপত্তা আইন’-এ সম্মতি প্রদান না করে আইনটির বিতর্কিত ধারা পুনর্বিবেচনার জন্য জাতীয় সংসদে ফেরত পাঠাতে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের প্রতি আবেদন জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ।আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০১৮ উপলক্ষে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক মানববন্ধন থেকে এ আবেদন জানানো হয়। মানববন্ধনে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, তথ্য অধিকার আইন একটি ব্যতিক্রমধর্মী আইন যা সরকার, জনপ্রতিনিধি ও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে জবাবদিহিতার মধ্যে আনার ক্ষেত্রে সাধারণ মানুষকে ক্ষমতা প্রদান করেছে এবং এ জবাবদিহিতা নিশ্চিতের পূর্বশর্ত হলো চাহিদা অনুযায়ী যথানিয়মে তথ্যের প্রদান ।

আইনটির প্রয়োগে সরকারের উদ্যোগ- যেমন তথ্য বাতায়নের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্যসহ মৌলিক অধিকার সম্পর্কিত তথ্য জনগণের কাছে নিয়ে যাওয়া এবং এর সাথে তথ্য অধিকার আইনকে সম্পৃক্ত করার প্রচেষ্টা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তথ্য প্রকাশকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ ও তাদের প্রশিক্ষণ প্রদান- প্রভৃতি ইতিবাচক ও উত্সাহব্যঞ্জক। তবে একই সাথে সরকারের নেতিবাচক ও হতাশাব্যঞ্জক উদ্যোগও লক্ষণীয় ।

মানববন্ধনে টিআইবি কর্মীবৃন্দ ছাড়াও টিআইবি’র অনুপ্রেরণায় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইয়েস গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া গতকাল টিআইবি ও তথ্য কমিশনের যৌথ উদ্যোগে টিআইবি’র ধানমন্ডিস্থ কার্যালয়ে বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৫২ জন তরুণ স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে তথ্য অধিকার আইন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় ।

কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায় ছাড়াও টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত দেশের ৪৫টি সচেতন নাগরিক কমিটি (সনাক) অঞ্চলে তথ্য ও পরামর্শ ডেস্ক, মানববন্ধন, র্যা লি, সেমিনার, দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী ও পথনাটকসহ বিভিন্ন দুর্নীতি বিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন