News71.com
 Bangladesh
 26 Sep 18, 05:58 PM
 171           
 0
 26 Sep 18, 05:58 PM

সংসদ নির্বাচনের তফসিলের পরই সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত॥ সিইসি

সংসদ নির্বাচনের তফসিলের পরই সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত॥ সিইসি

নিউজ ডেস্কঃ জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি, কে এম নুরুল হুদা বলেছেন, ভোটের তফসিল ঘোষণার পর বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গতকাল মঙ্গলবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। সিইসি বলেন,নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সঠিক সময়েই নির্বাচন হবে,যার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাদাভাবে বসে উদ্যোগ নেওয়ার সময় নেই। সিইসি আরও বলেন,নির্বাচনের জন্য সময় রয়েছে অক্টোবরের ৩১ থেকে জানুয়ারির ২৮ তারিখের মধ্যে। এর মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭ ডিসেম্বর নির্বাচনের যে কথা বলা হয়েছে তা একজন সিনিয়র মন্ত্রী বলেছেন। উনি বয়স্ক মানুষ ও সিনিয়র মানুষ বলেই বলে ফেলেছেন।

সিইসি আরও জানান, জনগণ ও রাজনৈতিক দলগুলো চাইলে আগামী জাতীয় নির্বাচনে সীমিতভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার করা হবে । সিইসি আরও বলেন,ইভিএম ব্যবহারের জন্য আইনের পরিবর্তন প্রয়োজন। এর জন্য আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি গ্রহণ করা হলে জেলা ও উপজেলা পর্যায়ে ইভিএমের প্রদর্শনী হবে। এখানে জনগণ ও রাজনৈতিক দলগুলো ইভিএমের ব্যবহার দেখবে। প্রতিক্রিয়া জেনে ইভিএম ব্যবহারের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে কাউকে অসন্তুষ্ট করে কিছু করা হবে না। দিনাজপুরের জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান,দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম,বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোর্শেদুর রহমান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন